যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটি সেন্টারে নবগঠিত ছায়াপথ সাহিত্য সংসদের অভিষেক এবং লিডস নগরীর ৪০০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই আয়োজিত অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত হন। চলমান উষ্ণতা-প্রবাহ উপেক্ষা করেও স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলে।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দিল্লি থেকে আগত ভারতীয় ধ্রুপদী কত্থক নৃত্যশিল্পী নয়নিকা ঘোষ, লোকনৃত্যশিল্পী সুমাইয়া ইমাম সূচিতা। দিব্যেন্দু বন্দোপধ্যায়ের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আলোড়ন’ পরিবেশন করে জনপ্রিয় শ্রুতিনাটক।

সংগীত পরিবেশন করেন কবি টিএম আহমেদ কায়সার, সংগীতশিল্পী সৈয়দ হাসান, লিডস বিশ্ববিদ্যালয়ের সংগীত নন্দনতত্ত্বের জ্যেষ্ঠ প্রভাষক ম্যাট প্রিটচার্ড ও উত্তর ইংল্যান্ডের রবীন্দ্রসংগীতশিল্পী অনুসূয়া পাল ও পূরবীর চেয়ারম্যান অমল পোদ্দার। তবলায় ছিলেন তবলাবাদক অনিরুদ্ধ মুখার্জি।

আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন ডা. শারমিন নিজাম, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, গদ্যকার ও কবি শ্রী গাঙুলি ও সৈয়দ আনোয়ার রেজা। নজরুলের গানের দৃশ্যভাষ্য উপস্থাপন করে শিশু-নৃত্যশিল্পী স্রেয়াশী ভট্টাচার্য।

আরও পড়ুন

এখন আর প্রান্ত আর কেন্দ্র নেই: মোহাম্মদ আজম

অনুষ্ঠানের সহোযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন আবুল আবেদীন, সংস্কৃতিকর্মী অমর বৈদ্য এবং এটিএন বাংলার ব্র্যাডফোর্ড প্রতিনিধি কলন্দর তালুকদার।

chayapath

ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী নয়নিকা ঘোষ বলেন, ‘প্রবাসে বাংলা সংস্কৃতির এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি যারপরনাই আনন্দিত। শিল্প ও সংস্কৃতি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এ ধরনের উদ্যোগ সেই বন্ধনকে আরও সুদৃঢ় করে।’

কবি টিএম আহমেদ কায়সার বলেন, ‘বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বিস্তারে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। ছায়াপথ সাহিত্য সংসদ নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চা ও সৃজনশীলতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।’

ছায়াপথ সাহিত্য সংসদের পরিচালক কবি সৈয়দ আনোয়ার রেজা বলেন, ‘সাহিত্য, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার একটি সুস্থ ও সৃজনশীল পরিসর গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

আরও পড়ুন

চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কার গ্রহণ করলেন ৬ গুণিজন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল হান্নান, লিডস বাংলাদেশি কমিউনিটি সেন্টারের সভাপতি শাহীন আহমেদ সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ।

এসইউ