চিত্রশিল্পী আতিয়া ইসলাম (৬৪) আর নেই। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। আতিয়া ইসলাম ক্যানসারে ভুগছিলেন। তিনি ক্যানভাসে রঙে ও রেখায় সমাজে নারীর অবস্থান চিত্রিত করেছেন। তার চিত্রকর্মে প্রকাশ পেয়েছে নারীবাদী আন্দোলন ও প্রতিবাদের গল্প। চিত্রকর্মে নারীর এমন দাপুটে প্রকাশ তাকে নারীবাদী শিল্পী হিসাবে পরিচিতি দিয়েছে। আতিয়া ইসলাম চিত্রকলায় প্রধানত উজ্জ্বল রং ব্যবহার করতেন। তার শিল্পভাষা ছিল রূপকধর্মী, ব্যঙ্গাত্মক ও প্রতীকনির্ভর। নারী শিল্পীদের মধ্যে স্বতন্ত্র অবস্থান করে নিয়েছিলেন তিনি।
আতিয়া ইসলামের জন্ম ১৯৬২ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১৯৮২ সালে অঙ্কন ও চিত্রায়ণ (ড্রয়িং ও পেইন্টিং) বিভাগ থেকে বিএফএ এবং ১৯৮৫ সালে এমএফএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮১-৮২ সময়ে চারুকলায় ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি। আতিয়া ইসলাম ইংরেজি মাধ্যম স্কুল সানবিমসের চিত্রাঙ্কন বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি ধানমন্ডিতে ‘ঝাপি স্কুল অব আর্ট’ নামে শিশুদের চিত্রাঙ্কন শেখানোর স্কুল পরিচালনা করতেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন আতিয়া ইসলাম। শিল্পী হাসান মাহমুদ তার স্বামী। তাদের দুই মেয়ে রয়েছে। আতিয়া ইসলাম ফ্রান্সপ্রবাসী চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের শ্যালিকা। আতিয়া ইসলামকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।








