বিশ্বকাপে ইতোমধ্যে ডাচদের প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেছে। রাউন্ড অব ৩২- এ তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। ডাচ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্রাঙ্কি ডি ইয়ং। শেষ ম্যাচে ৩-১ গোলে জয়ের পর তাকে বিশ্বকাপের সব ম্যাচ দেখেছেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি অকপটেই স্বীকার করেন সব ম্যাচ দেখেননি। তবে যেসব ম্যাচ দেখেছেন সেগুলো তিনি বেশ উপভোগ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিরোপা জয়ের সম্ভাবনা থাকা অনেক দলের মধ্যেই অসাধারণ দক্ষতা রয়েছে।’ তিনি লিওনেল মেসির বর্তমান ফর্ম নিয়েও কথা বলেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় তারা সতীর্থ ছিলেন। তিনি উল্লেখ করেন যে, মেসির পারফরম্যান্স তাকে অবাক করে না কারণ ‘তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়।’ ডি ইয়ং বলেন, ‘আর্জেন্টিনা দারুণ খেলছে। তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের দলে প্রচুর দক্ষতা রয়েছে এবং তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড়টি আছেন। তারা একটি চমৎকার ও ঐক্যবদ্ধ দল। আমার কাছে তাদের অন্যতম ফেবারিট মনে হচ্ছে।’ বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নেদারল্যান্ডসের জায়গা নিশ্চিত হওয়ার পর ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং মরক্কো সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, ‘মরক্কো অত্যন্ত দক্ষ একটি দল এবং তাদের বিপক্ষে ম্যাচটি খুবই কঠিন হবে।’ তিউনিসিয়ার বিপক্ষে ১-৩ ব্যবধানে জয়ী ম্যাচে ৭২ মিনিট খেলা বার্সেলোনার এই খেলোয়াড় ‘মিক্সড জোন’-এ কথা বলার সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘ম্যাচটি খুবই কঠিন হতে যাচ্ছে। তারা অত্যন্ত দক্ষ একটি দল। তারা দারুণ খেলে। তাদের মধ্যে দারুণ ঐক্য রয়েছে এবং তারা দীর্ঘ সময় ধরে একসাথে খেলছে। আমার দৃষ্টিতে তারা একটি চমৎকার দল।’ বৃহস্পতিবার তিউনিসিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে নেদারল্যান্ডস ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ শীর্ষস্থান নিশ্চিত করে এবং রাউন্ড অব ৩২-এ মরক্কোর মুখোমুখি হবে। একটি ড্র ও দুটি জয়ে ডাচরা ৭ পয়েন্ট সংগ্রহ করে জাপানের চেয়ে এগিয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। জাপান ৫ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি হবে। এদিকে, সুইডেন ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নেয়।…