দাগনভূঞায় ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভী বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। জনি ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে।

সূত্র জানায়, জনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। সর্বশেষ সোমবার দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে মঙ্গলবার বিকালে জনি নিজ বাড়ির সামনে অবস্থান করছেন-এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে থানায় খবর দিলে দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। ওসি বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পেছনে অন্য কারও উসকানি বা সম্পৃক্ততা রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।