টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সংসারে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। মা ও নবজাতক-দুজনেই সুস্থ রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমকে শ্রীময়ী জানান, ‘আমি এবং আমার ছেলে দুজনেই সুস্থ আছি। কৃষভির ভাই কৃষিভ এসেছে। আমরা খুবই খুশি।’
সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন কাঞ্চন-শ্রীময়ী। আনন্দ প্রকাশ করে কাঞ্চন মল্লিক বলেন, ‘অনেক ফোন পাচ্ছি। আমরা খুব খুশি এবং আনন্দিত।’
সুখবরটি জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছবিও প্রকাশ করেছেন এই দম্পতি। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমরা খুব আনন্দিত। কৃষভির ছোট ভাই হয়েছে। তিন থেকে চার হলাম আমরা। জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। কৃষিভকে আমাদের পরিবারে স্বাগত।’
উল্লেখ্য, সন্তান আগমনের বিষয়টি এবারও বেশ গোপন রেখেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। এর আগে তাদের প্রথম সন্তান কৃষভির জন্মের খবরও প্রকাশ্যে আসে অনেকটা পরে। এবারও একই পথ অনুসরণ করেছেন তারা।
আরও পড়ুন
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা
তবে গত কয়েক মাস ধরেই শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। বিধানসভা নির্বাচনের সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সে সময় এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।
আরও পড়ুন
উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে বড় ঘোষণা
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পুত্রসন্তানের জন্মের সুখবর জানালেন কাঞ্চন-শ্রীময়ী। তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন টালিউডের সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
এমএমএফ








