গাজীপুরের পূবাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষার্থী মারা গেছে। রবিবার (২৮ জুন) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিক্ষার্থীর নাম নাফিস সরদার (১৫)। সে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকার বাসিন্দা রাসেদ সরদারের ছেলে। নাফিস মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। সে পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরায় থাকত।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নাফিস হঠাৎ জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল (মুনছুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল) এ চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত শুক্রবার তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নাফিসের শরীরে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নাফিসের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন এবং সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।