দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বর নিয়ে ৬৮ জন বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এই সংখ্যা চলতি জুলাই মাসের সবচেয়ে কম। এ মাসে মোট ১ হাজার ৭১১ জন মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ৯ জুলাই ১৯০ জন, ৮ জুলাই ২৫১ জন, ৭ জুলাই ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ২৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে জুলাই মাসে মারা গেছেন ৬ জন।