ভূতের সাজ, গা ছমছমে পরিবেশ আর নানা স্বাদের খাবার, হ্যালোইন ঘিরে উৎসবমুখর ঢাকার পাঁচ তারকা হোটেলগুলো। কোথাও বিশেষ বুফে ডিনার, কোথাও ব্রাঞ্চ, আবার কোথাও শিশুদের জন্য সাজানো হয়েছে বাড়তি আনন্দের আয়োজন। থাকছে নানা ব্যাংক কার্ডের বিশেষ ছাড়, ক্যাশব্যাক ও আকর্ষণীয় অফার। ভৌতিক সাজসজ্জা, মুখে রং করার আয়োজন, শিশুদের পোশাক প্রতিযোগিতা, বিশেষ খাবার আর উৎসবমুখর পরিবেশে পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর সুযোগ তৈরি হয়।
এ বছরও হ্যালোউইন উপলক্ষে ঢাকার বিভিন্ন পাঁচ তারকা হোটেলে থাকছে বিশেষ খাবারের আয়োজন। কোথাও একাধিক দিনের নৈশভোজ, কোথাও বারবিকিউ, আবার কোথাও বাঙালি খাবারের স্বাদে সাজানো হয়েছে ভিন্নধর্মী ভোজ। পাঠকদের জন্য থাকছে আয়োজনগুলোর বিস্তারিত।
প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা ক্যাফে বাজারে ‘মনস্টার ফিস্ট’
হ্যালোউইন উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার ক্যাফে বাজারে আয়োজন করা হয়েছে ‘মনস্টার ফিস্ট’। ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে বিশেষ বুফে ডিনার। জনপ্রতি মূল্য ৮ হাজার ৫০০ টাকা, সব ধরনের প্রযোজ্য খরচসহ। থাকছে প্রতিদিন র্যাফল ড্রয়ের সুযোগ। নির্বাচিত ব্যাংক কার্ডে একটি বুফের মূল্যে তিনজনের খাবারের বিশেষ সুবিধা পাওয়া যাবে। বিকাশে মূল্য পরিশোধ করলে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ২০ শতাংশ ক্যাশব্যাক এবং ২০ শতাংশ নগদ মূল্যছাড়ের সুবিধাও থাকছে। হোটেলে অবস্থানরত অতিথিরা পাবেন ১৫ শতাংশ ছাড়।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা অতিথিদের জন্য থাকছে স্পুকট্যাকুলার ভোজ
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে হ্যালোউইন ডিনার। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত বুফে ডিনারে জনপ্রতি খরচ ৯ হাজার ৫০০ টাকা। নির্বাচিত অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে থাকছে একটি কিনলে দুটি বিনা মূল্যে পাওয়ার বিশেষ সুবিধা। এ ছাড়া ৩০ ও ৩১ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজন করা হয়েছে বুফে ব্রাঞ্চের। জনপ্রতি মূল্য ৭ হাজার টাকা। ব্রাঞ্চে অংশগ্রহণকারীরা সুইমিং পুল ও শিশুদের খেলার জায়গায় বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন। নির্বাচিত অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে ব্রাঞ্চেও থাকছে একই বিশেষ ছাড়। আইএইচজি ওয়ান রিওয়ার্ডস সদস্যদের জন্য রয়েছে ২৫ শতাংশ মূল্যছাড়।

শেরাটন ঢাকা
শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেনে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর থাকছে হ্যালোউইন থিমের বিশেষ বুফে ডিনার। জনপ্রতি মূল্য ৯ হাজার ৯৫০ টাকা। ৩০ ও ৩১ অক্টোবর আয়োজন করা হয়েছে হ্যালোউইন ব্রাঞ্চ, যার জনপ্রতি মূল্য ৭ হাজার ৯৫০ টাকা। অতিথিদের জন্য থাকছে একটি কিনলে তিনটি, একটি কিনলে দুটি এবং একটি কিনলে একটি বিনা মূল্যে পাওয়ার বিশেষ সুবিধা। তবে একটি কিনলে তিনটি বিনা মূল্যে পাওয়ার অফারটি শুধু শুক্রবারে নির্দিষ্ট নম্বরের ব্র্যাক ব্যাংক ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ডে প্রযোজ্য।

দ্য ওয়েস্টিন ঢাকা
দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্টেসে ৩১ অক্টোবর থাকছে হ্যালোউইন উপলক্ষে বিশেষ বুফে ডিনার। জনপ্রতি মূল্য ৯ হাজার ৪৫০ টাকা। নির্বাচিত অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে একটি কিনলে দুটি এবং একটি কিনলে একটি বিনা মূল্যে পাওয়ার সুবিধা থাকছে। শুধু খাবারের আয়োজনই নয়, হ্যালোউইন উপলক্ষে মিষ্টি ও বেকারি পণ্যে থাকছে ১৫ শতাংশ মূল্যছাড়। বিশেষভাবে তৈরি হ্যালোউইন থিমের পেস্ট্রি ও বেকারি পণ্য উপভোগের পাশাপাশি কেনার সুযোগও থাকছে।

আমারি ঢাকা
হ্যালোউইনের রাতে ভিন্ন স্বাদের আয়োজন নিয়ে হাজির হচ্ছে আমারি ঢাকা। ৩১ অক্টোবর হোটেলটিতে থাকছে বিশেষ বারবিকিউ বুফে ডিনার। আয়োজনটির বিশেষ আকর্ষণ, একটি বুফের মূল্য পরিশোধ করে পাঁচজনের খাবার উপভোগের সুযোগ। জনপ্রতি নির্ধারিত মূল্য ৮ হাজার ৯৯৯ টাকা, সব ধরনের প্রযোজ্য খরচসহ। পরিবার ও বন্ধুদের নিয়ে ধোঁয়া ওঠা বারবিকিউ আর হ্যালোউইনের উৎসবমুখর পরিবেশে সন্ধ্যাটি উপভোগের সুযোগ থাকছে।

লে মেরিডিয়ান ঢাকা মিডনাইট হ্যালোউইন বুফেতে ভৌতিক সাজে ভোজন ও পুরস্কার
লে মেরিডিয়ান ঢাকায় হ্যালোউইন উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘মিডনাইট হ্যালোইন বুফে’। ৩১ অক্টোবর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। ভৌতিক সাজসজ্জার আবহে নানা স্বাদের খাবারের পাশাপাশি থাকছে জমজমাট বিনোদন ও বিশেষ পোশাক প্রতিযোগিতা। পছন্দের ভৌতিক সাজে সেজে প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নেওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার। নির্বাচিত ব্যাংক কার্ডে একটি বুফের মূল্যে দুটি বুফে উপভোগের বিশেষ সুবিধাও থাকছে। আকর্ষণীয় খাবার, উৎসবের আমেজ আর ভৌতিক সাজে হ্যালোইনের দিনটি উপভোগ করতে অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে হোটেলটি।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে ‘ফ্রাইট নাইট’ আয়োজন। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত থাকছে বিশেষ বুফে ডিনার। জনপ্রতি মূল্য ৮ হাজার ৯৯৯ টাকা।
খাবারের পাশাপাশি অতিথিদের জন্য থাকছে ভৌতিক সাজসজ্জা, হ্যালোউইন উপলক্ষে বিশেষ খাবার, মুখে রং করার আয়োজন এবং আকর্ষণীয় পোশাক প্রতিযোগিতা। নির্বাচিত ব্যাংক কার্ডে একটি বুফের মূল্যে চারজনের খাবার উপভোগের সুযোগও থাকছে।

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের বাহার রেস্তোরাঁয় ৩১ অক্টোবর থাকছে হ্যালোউইন উপলক্ষে বিশেষ বুফে ব্রাঞ্চ ও ডিনার। ব্রাঞ্চের জনপ্রতি মূল্য ৩ হাজার ২৫০ টাকা এবং ডিনারের মূল্য ৩ হাজার ৯৫০ টাকা। নির্বাচিত ব্যাংক কার্ড, গ্রামীণফোন স্টার, ব্লিংক অরেঞ্জ ক্লাবের সদস্য এবং নির্দিষ্ট গ্রাহক ও দলীয় বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে হ্যালোইনের খাবারের আয়োজন উপভোগ করতে চাইলে এটি হতে পারে পছন্দের একটি জায়গা।

হোটেল সারিনা ঢাকা সামারফিল্ডসে ভৌতিক সাজে খাবারের আয়োজন
হোটেল সারিনা ঢাকার দ্বিতীয় তলায় অবস্থিত সামারফিল্ডস রেস্তোরাঁয় ৩০ ও ৩১ অক্টোবর থাকছে হ্যালোউইন বুফে ডিনার। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ আয়োজন। ভৌতিক সাজসজ্জা, গা ছমছমে পরিবেশ ও মুখে রং করার ব্যবস্থার পাশাপাশি অতিথিদের জন্য থাকছে নানা স্বাদের খাবার। শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে হ্যালোইনের উৎসব উপভোগের সুযোগ থাকছে এখানে।

হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
হ্যালোউইনে পাশ্চাত্য খাবারের বাইরে বাঙালি রান্নার স্বাদ নিতে চাইলে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের আয়োজনটি হতে পারে ভিন্ন অভিজ্ঞতা। হোটেলটির অ্যাটিটিউড রেস্তোরাঁয় ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলছে ‘রসনায় ভূতের বিলাস মায়ের হাতের স্বাদে, বাঙালির মহাভোজ’ শিরোনামে বিশেষ বুফে ডিনার। আয়োজনটিতে থাকছে পরিচিত বাঙালি খাবারের নানা পদ, মশলার সুবাস আর মিষ্টিমুখের ব্যবস্থা। নির্বাচিত ব্যাংক কার্ডে একটি কিনলে তিনটি বিনা মূল্যে পাওয়ার বিশেষ সুবিধা থাকছে। জনপ্রতি মূল্য ৮ হাজার ২০০ টাকা, সব ধরনের প্রযোজ্য খরচসহ।

অক্টোবরের শেষ দিনটিকে ঘিরে ঢাকার পাঁচ তারকা হোটেলগুলোর এই আয়োজন শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। কোথাও শিশুদের জন্য খেলার ব্যবস্থা, কোথাও সাজসজ্জা ও পোশাক প্রতিযোগিতা, আবার কোথাও বন্ধুদের নিয়ে একসঙ্গে ভোজের বিশেষ সুযোগ। ফলে হ্যালোউইন এখন নগরবাসীর জন্য উৎসব, বিনোদন ও ভোজনের এক মিলিত উপলক্ষ। পছন্দের আয়োজনটি বেছে নিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো যেতে পারে অক্টোবরের শেষ সন্ধ্যাগুলো। তবে বুকিংয়ের আগে অফার, ছাড় ও শর্তাবলি সংশ্লিষ্ট হোটেল থেকে নিশ্চিত করে নেওয়া ভালো।







