আনিফ রুবেদ
কবি সাম্মি ইসলাম নীলার কবিতার বই ‘ধীরে এসো বসন্ত’। বইটির প্রকাশকাল ২০২০ সাল। তখন থেকেই বইটি আমার কাছে ছিল কিন্তু পড়া হয়ে ওঠেনি বিবিধ কারণে। বইটিতে অনেক কিছুই রয়েছে, যা আমাদের নতুনত্বের স্বাদ জোগাবে। যেমন, বিধবা বা সধবা শব্দগুলো সাধারণত মানুষের জন্য ব্যবহার করা হয়, আরও স্পষ্ট করে বললে বলতে হয় নারী-মানুষের জন্য।
কবি সাম্মি ইসলাম নীলা ‘বিধবা’ শব্দটি ব্যবহার করেছেন একটি বেহালার জন্য; এ বেহালা আবার অবেলায় বেজেও ওঠে। আমাদের মনে কৌতূহল জাগে—একটা বেহালার ক্ষেত্রে কী ঘটলে তাকে বিধবা বলা যেতে পারে?
নতুনত্বের আরও স্বাক্ষর মেলে যখন কবি নিজের চোখকে ফড়িংয়ের চোখের সাথে মিলিয়ে জগৎ বীক্ষণ করতে চান, তখন। সত্যি জগতের বিপুলতার তুলনায় আমাদের চোখ একটা অণু বা পরমাণুর মতো।
কবির কবিতার ভেতর খুব নান্দনিক বয়ানে, বিশ্বাসযোগ্য বয়ানে চারপাশের ছবি, আবহের আঁচড় ফুটে উঠেছে। কবির শিশুবেলার কথা উঠে এসেছে, যা পাঠককেও সেসব দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়।
আরও পড়ুন
বই আলোচনা / শেষ: মনস্তাত্ত্বিক ও আবেগময় উপন্যাস
মানবিক প্রেম, প্রাকৃতিক প্রেম, স্বদেশ প্রেমের কথাও কবিতার ভেতর স্থান পেয়েছে বেশ গরিমার সাথেই। বলাটা অপ্রাসঙ্গিক হবে না যে, বইটি ‘পাঞ্জেরী-সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত’। এখন একটি কবিতার কিছু অংশ পাঠ করতে করতেই এ লেখা শেষ করব।
‘না না, তেমন কিছু নয় জানতে চেয়েছিলাম, গরম চা এত দ্রুত শেষ হয় কী করে?
ভয়ে ভয়ে!
ভয়?
হুম।
আমাদের ভালোলাগাগুলো ঠিক যেন কুয়াশার মতোন। টুপটুপ শব্দ তুলে এসে চায়ের সঙ্গে মিশে গেছে।
তাই তো গরম থাকতেই গিলে ফেলছি।
যাতে করে ধোঁয়ার সঙ্গে উড়ে যেতে না পারে।
কথাগুলো শুনে সেদিন খুব করে হেসেছিলাম।
এত দ্রুত ভুলে যাওয়া যায় বুঝি?
ঝরে যাওয়া ফুল যেমন ফোটে না নতুন বাগানে।
তেমনি মনের পেছনে জমিয়ে রাখতে নেই,
গত হওয়া অতীত।
শুধু অভিনয় করতে হয় ভুলে থাকার...’
(একটি ফোনালাপীয় অভিনয়)
বই আলোচনা / প্র_সৃষ্টি ও সুন্দর : সিঙ্কহোল: শব্দ মানেই ভাষা
ভালোবাসা কবি সাম্মি ইসলাম নীলার জন্য। তার কাব্য আরও নাব্য হয়ে বয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে।
এসইউ








