চট্টগ্রামের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস সড়কে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগ কক্সবাজারগামী পর্যটক বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাটের উত্তর খানদীঘি শিকারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, বাসটি দ্রুতগতিতে চলছিল। এটি গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়েছিল। দ্রুতগতির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





