পটুয়াখালীর দুমকি উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ব্র্যাক। ‘ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স’ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২ জুলাই) দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা খায়রুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপকরণগুলো হস্তান্তর করা হয়। পরে দুপুর দুইটায় অর্ধবার্ষিক পরীক্ষা শেষে ২০ জন শিক্ষার্থীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল ১ টি স্কুলব্যাগ, ২ টি খাতা, ২ টি কলম ও ১ টি জ্যামিতি বক্স।উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন ব্র্যাকের পটুয়াখালী জেলা সমন্বয়ক মো. নেফাজ উদ্দিন, এলাকা ব্যবস্থাপক (এসএসএফ) মো. সাবির আলী মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আখতার, জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং ব্র্যাকের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার গোবিন্দ মজুমদার।ব্র্যাক কর্তৃপক্ষ জানায়, তাদের স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।\
রাজনীতি
দুমকিতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল ব্র্যাক

শেয়ার করুন







