২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও আলিম পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ২৮৭ জন। তবে অংশগ্রহণকারী কলেজের সংখ্যা বেড়েছে ৬টি।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে এ বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৯৭৫ জন। এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৩ হাজার ১৮২ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৫০৬ জন। গত বছর ছাত্র ছিল ৪৫ হাজার ৯৯০ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৯৮৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী বেড়েছে। এ বিভাগে এবার ২৩ হাজার ৯০৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন, যা গত বছর ছিল ২২ হাজার ৬৮৬ জন। বিপরীতে মানবিক বিভাগে পরীক্ষার্থী ৪৬ হাজার ৭১৮ জন থেকে কমে ৪৪ হাজার ২৩৮ জনে এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৩ হাজার ৫৭০ জন থেকে কমে ৩১ হাজার ৫৩৯ জনে নেমেছে।
জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) সবচেয়ে বেশি ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী রয়েছে।
এ বছর চট্টগ্রাম মহানগরে পরীক্ষার্থী ৩৬ হাজার ৬৮৩ জন, যা গত বছর ছিল ৪৮ হাজার ৪৮০ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। গত বছর ২৭৭টি কলেজের শিক্ষার্থীরা ১১৫টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ বছর ১৫টি সাধারণ ও ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। গত বছর সাধারণ ভিজিল্যান্স টিম ছিল ৩০টি এবং বিশেষ ভিজিল্যান্স টিম ছিল ১০টি।
এমআরএএইচ/এসএনআর






