শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় অভিমুখী সড়কে ব্যারিকেড বসানো হয়।

এর আগে শিক্ষার্থীরা দুপুর আড়াইটায় দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। সেখানে ত্রিশ মিনিট অবস্থান করে লং মার্চ নিয়ে নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে এসে পুলিশের বাঁধার মুখে পড়ে তারা।

আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের নিয়ে যে মন্তব্য করেছেন তার জন্য তাকে পদত্যাগ করতে হবে, সংসদে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না।”

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। পরে তারা শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন শেষে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হয়। সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিলেও সন্ধ্যার পর আবারও তারা অবস্থান নেয়। পরে রাত ১০টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করে।

শিক্ষার্থীদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে তার বক্তব্যের জন্য মঙ্গলবার (১৪ জুলাই) সংসদে দুঃখ প্রকাশ করেছেন।