ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর এলাকায় একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি পরিবহন। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুইজন নিহত হন। শনিবার (২৫ জুলাই) সকালে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি বাস নষ্ট হয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ে। পেছনে থাকা একটি প্রাইভেটকার বাসটি দেখে ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানের পেছনে ছিল দুটি মোটরসাইকেল। এরও পেছনে থাকা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে একটি মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তাদের একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই ফুপাতো-মামাতো ভাই।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক বলেন, “আমরা সকালে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাই যে, সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে জানতে পারি, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি বাস নষ্ট হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই বাসটির পেছনে একটি প্রাইভেটকার আসছিল। বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে প্রাইভেটকারটি ব্রেক করে। প্রাইভেটকারটির পেছনে কাভার্ডভ্যান ছিল। সেটিও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে ছিল দুটি মোটরসাইকেল। মোটরসাইকেলের পেছনে স্বাধীনতা পরিবহনের একটি বাস ছিল, যেটি এই সড়কে লোকাল যাত্রী পরিবহন করে। বাসটি দ্রুতগতিতে এসে মোটরসাইকেল আরোহীদের সজোরে ধাক্কা দেয়।”
তিনি বলেন, “প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারি, চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।”








