সারা বিশ্বে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। দেশের পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে দুটি বৈদ্যুতিক (ইলেকট্রিক) বাইক বাজারে এনেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। আজ বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকাতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ডটি তাদের নতুন দুটি মডেল রিভো সি৩৫ ও সি৩৫-ওয়াই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। মূলত কমপ্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে এই বাইক দুটি তৈরি করা হয়েছে। বাজারে রিভো সি৩৫ মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং রিভো সি৩৫-ওয়াই মডেলটি পাওয়া যাবে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকায়।
‘রাইড ডিফারেন্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে নির্মিত এই বাইক দুটিতে ব্যবহার করা হয়েছে ভবিষ্যৎমুখী ও নান্দনিক মেকা অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড-স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং চমৎকার অ্যারোডাইনামিক বডি। গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে মডেল দুটি কালো, ধূসর, সবুজ ও লাল—চারটি রঙে বাজারে ছাড়া হয়েছে। দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে উভয় মডেলেই ৭২ ভোল্ট ৩৫ অ্যাম্পিয়ার-আওয়ারের শক্তিশালী গ্রাফিন ব্যাটারি ও উচ্চদক্ষতাসম্পন্ন পাওয়ারট্রেইন ব্যবহার করা হয়েছে। গতিবেগের ক্ষেত্রে রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার ও রিভো সি৩৫-ওয়াই মডেলটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।

প্রযুক্তিগত সুবিধার দিক থেকে রিভো বাংলাদেশের এই নতুন বাইকগুলো বেশ সমসাময়িক। একবার পূর্ণ চার্জে বাইক দুটি নিরবচ্ছিন্নভাবে প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে সক্ষম। রাইডারদের সুবিধার জন্য এতে রয়েছে ৮ ইঞ্চির একটি এলসিডি পর্দা, যা সব প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করে। এ ছাড়া এতে যুক্ত রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস), যা চালককে ব্যাটারির চার্জের সঠিক শতাংশ ও সার্বিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, রিভো উদ্ভাবনী প্রকৌশলকে এমন স্মার্ট ও শূন্য-নির্গমন (জিরো-এমিশন) প্রযুক্তিতে রূপ দিয়েছে, যা বাংলাদেশের আধুনিক নগর জীবনের চালকদের প্রতিদিনের যাতায়াতের প্রয়োজন খুব সহজেই মেটাতে সক্ষম হবে।
নতুন মডেল দুটির জন্য বিশেষ ঘোষণা দিয়েছে রিভো বাংলাদেশ। এখন রিভো সি৩৫ কিনলে ক্রেতারা সরাসরি ৫ হাজার টাকা ক্যাশব্যাকসহ একটি আকর্ষণীয় উপহার পাবেন।







