ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামোমন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজা উপত্যকার ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ ধাপে ধাপে বাড়ছে এবং শেষ পর্যন্ত পুরো গাজা তাদের নিয়ন্ত্রণে চলে আসবে।

স্থানীয় রেডিও গালেই ইসরায়েল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসকে এক মিলিমিটারও মাথা তুলতে দেওয়া যাবে না।

কোহেনের দাবি, দুই মাস আগে গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল। এক মাস আগে সেই নিয়ন্ত্রণ বেড়ে প্রায় ৬০ শতাংশে পৌঁছায়। বর্তমানে প্রায় ৭০ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, সামরিক অভিযান চলতে থাকায় ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকার পরিমাণ আরও বাড়বে এবং শেষ পর্যন্ত গাজার শতভাগ অঞ্চলই তাদের নিয়ন্ত্রণে আসবে।

এদিকে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া ২০ বছর বয়সী ওই ব্যক্তি ইসরায়েলের বিভিন্ন ‘সংবেদনশীল স্থাপনার’ ছবি ও ভিডিও সংগ্রহ করে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগে অভিযুক্ত।

টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্ট পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তেহরানের সঙ্গে সংশ্লিষ্ট এক এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। প্রতিটি কাজের বিনিময়ে তিনি কয়েক ডলার থেকে শুরু করে কয়েকশ ডলার পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৯ জুন জেরুজালেম জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রসিকিউটরের ঘোষণা (প্রসিকিউটরস ডিক্লারেশন) দাখিল করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে।

এ ঘটনায় ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম