গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার।
মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘‘জুলাই সনদ মানে গণভোট, মানি না এটা শুভঙ্করের ফাঁকি। এই শুভঙ্করের ফাঁকি বাদ দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করুন। গণভোটের রায় বাস্তবায়ন না করলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।’’
আজ শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগ আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘‘রক্তাক্ত জুলাই সনদের ওয়াদা দিয়েছিলেন বলেই মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। জামায়াত, ১১ দলকেও ভোট দিয়েছে। আপনাদের এমপিরা জনগণের দেওয়া ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এ জন্য জনগণ আপনাদের ভোট দেয়নি।’’
তিনি আরও বলেন, ‘‘বিএনপি সারা দেশে সিটি কর্পোরেশন, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে। সরকারি দলের এমপিদের আসনে শত শত টন টিআর কাবিখার বরাদ্দ দিচ্ছে, বিরোধী দলের এমপিদের আসনে দিচ্ছে না। এতে বোঝা যায় সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি।’’
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে সম্পন্ন হওয়া চুক্তি সংসদের সামনে আনার দাবি জানান গোলাম পরওয়ার।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘‘বিএনপি যদি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে ৭০ ভাগ মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করে, তাহলে যেপথে গেছে শেখ হাসিনা, সেপথে যাবে তারেক জিয়া।’’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ মামুনুল হক, বিশেষ অতিথি ছিলেন মিয়া গোলাম পারওয়ার ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।








