ফরিদপুরের নগরকান্দায় গোয়ালঘরে ঢুকে গরু চুরির চেষ্টা চালিয়ে শেষ রক্ষা হয়নি চোরচক্রের। চুরির সময় গরুর অবিরত ডাকে ঘুম ভেঙে যায় গৃহস্থের। পরে গৃহস্থ ও স্বজনদের ধাওয়া খেয়ে চুরি করা বাছুর ও গরু ফেলেই চম্পট দেয় চোর। 

শুক্রবার (২৪ জুলাই) ঘটনাটির ৩ মিনিট ২৪ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে, বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে নগরকান্দা উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা লাভলু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে এক ব্যক্তি বড় একটি লোহার কার্টার দিয়ে গোয়ালঘরের দরজার শিকল কাটেন। ভেতরে ঢুকে তিনি দরজার ছিটকিনি খোলার চেষ্টা করলে শব্দ হয়। এতে গোয়ালে থাকা গরুগুলো ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে চোর গোয়াল থেকে একটি সাদা বাছুর টেনেহিঁচড়ে বাইরে নেওয়ার চেষ্টা করে। তখন গরুর অস্বাভাবিক ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় বাড়ির মালিক লাভলু শেখ ও তার পরিবারের সদস্যদের। ঘটনা বুঝতে পেরে তারা ‘চোর চোর’ বলে চিৎকার করে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরের দল বাছুর ও অন্য গরুগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

লাভলু শেখ বলেন, ‘‘নিরাপত্তার জন্য আমাদের বাড়ি ও গোয়ালঘরে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। বুধবার গভীর রাতে চোর গরু চুরি করতে এসে বাছুরটিকে টেনে বের করার চেষ্টা করছিল। কিন্তু বাছুর ও অন্য গরুগুলোর ডাকাডাকিতে আমরা সজাগ হয়ে যাই। আমরা চিৎকার করে ধাওয়া দিলে চোরেরা গরু রেখেই চম্পট দেয়।’’

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ বলেন, ‘‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’’