ঘিওরে ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে চন্দন ভগত (৫৮) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত চন্দনের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কুস্তা বন্দর এলাকায়। জানা যায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় নিজ বাড়ির দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন চন্দন ভগত। বুধবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের স্ত্রী নুপুর রবি দাস জানান, তার স্বামী বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চরম মানসিক চাপে ভুগছিলেন। মঙ্গলবার কিস্তির টাকা আদায়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকজন বাড়িতে আসে। কিন্তু টাকা পরিশোধ করার মতো সামর্থ্য না থাকায় তিনি লোকলজ্জায় ও ভয়ে সারাদিন বাড়ির বাইরে আত্মগোপন করেন। পরে রাতে সবার অজান্তে তিনি বাড়ির সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন। স্থানীয়রা জানান, চন্দন ভগত ঋণের কিস্তি নিয়ে প্রায়ই চরম উদ্বেগের মধ্যে থাকতেন।