আনোয়ারায় একই বিছানায় স্বামীর সঙ্গে রাতে ঘুমিয়েছিলেন স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি কক্ষে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার লাশ। বুধবার ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ৭নং ওয়ার্ডের পণ্ডিতের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শাহাবুদ্দিন (৩৫) ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি নদীতে চলাচলকারী বিভিন্ন মালবাহী ট্রলারের শ্রমিক ছিলেন। জানা যায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। ঘটনার আগের রাতেও স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ হয়েছিল বলে জানা গেছে। রাত ১২টার দিকে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না দেখে খোঁজ করতে থাকেন।

পরে পাশের একটি খালি কক্ষে গিয়ে দেখেন আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন শাহাবুদ্দিন। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।