গত ২৩ জুন ড্যাফোডিল বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর নৌকাভ্রমণ ও ফল উৎসব। প্রতিদিনের ক্লাস, কুইজ, অ্যাসাইনমেন্ট ও নিত্যদিনের ব্যস্ততার ফাঁকে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে এবং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতেই এ আয়োজন।
বিকেল পাঁচটায় বন্ধুরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাঁঠালতলা প্রাঙ্গণে একত্র হন। সেখান থেকে সবাই একসঙ্গে রওনা দেন বিরুলিয়া ব্রিজের উদ্দেশে। এরপর গোধূলির আলোয় নদীর বুকে নৌকায় ভেসে শুরু হয় এক ভিন্ন রকম অভিজ্ঞতার যাত্রা।

শুরুতেই নৌকায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পরিচিতি পর্ব। এই পর্ব পরিচালনা করেন সভাপতি মুসাভভির সাকির। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাব্বির আহমেদ ও নাজমুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাকিয়া লিমা, সাবেক অর্থ সম্পাদক সাব্বির হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক অনীক ভূষণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সালমান ফারসী, অর্থ সম্পাদক রিজভী আমিন, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেবা আনিকা, প্রশিক্ষণ সম্পাদক পল্লব সরকার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাঈম ও কার্যনির্বাহী সদস্য মাহিয়া তাবাসসুমসহ নবীন ও প্রবীণ বন্ধুরা।

বন্ধুত্বের এই আনন্দঘন সময়কে আরও রাঙাতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার কো-কনভেনর আহসানউল্লাহ সজীব। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন শুধু বই আর পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; সুন্দর কিছু স্মৃতি তৈরি করাও গুরুত্বপূর্ণ অংশ। একাডেমিক পড়াশোনা ও নানা ব্যস্ততার মধ্যে এমন একটি আয়োজন সবাইকে নতুন করে প্রাণবন্ত করে তোলে। আজ বন্ধুদের হাসিমুখ, গানের আড্ডা, ফল উৎসব এবং সবার আন্তরিক অংশগ্রহণ দেখে সত্যিই ভালো লেগেছে। আশা করি, ভবিষ্যতেও বন্ধুসভার এমন আয়োজন অব্যাহত থাকবে এবং আরও নতুন বন্ধু এই সুন্দর স্মৃতির অংশ হবে।’
নদীর শান্ত জল, মৃদু বাতাস আর দুই তীরের সবুজের মায়া যেন মুহূর্তেই সবার ক্লান্তি দূর করে দেয়। শহরের কোলাহল পেছনে ফেলে প্রকৃতির সান্নিধ্যে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল প্রশান্তিময়। নদীর ঢেউয়ের ছন্দে ভেসে চলতে চলতে কেউ গল্পে মেতেছেন, কেউ চারপাশের সৌন্দর্য ক্যামেরাবন্দী করেছেন, আবার কেউ নিঃশব্দে উপভোগ করেছেন প্রকৃতির অপার সৌন্দর্য।

ভ্রমণজুড়ে ছিল প্রাণবন্ত গানের আড্ডা। প্রশিক্ষণ সম্পাদক পল্লব সরকার ও বন্ধু মারুফের কণ্ঠে একের পর এক গানে মুখর হয়ে ওঠে নৌকার পরিবেশ। সবার কণ্ঠে পরিচিত গান, হাসি-ঠাট্টা আর আন্তরিক আড্ডায় সময় যেন খুব দ্রুতই কেটে যায়। আয়োজনকে আরও রঙিন করে তোলে ফল উৎসব। বিভিন্ন মৌসুমি ফল একসঙ্গে ভাগাভাগি করে খাওয়ার মধ্য দিয়ে আনন্দ যেন আরও বহুগুণ বেড়ে যায়। এ সময় সাংগঠনিক সম্পাদক সালমান ফারসী কো-কনভেনর আহসানউল্লাহ সজীবের লেখা একটি কবিতা আবৃত্তি করেন।
নদীর বুকে ভেসে কাটানো সুন্দর কিছু মুহূর্ত সবার মনে রেখে গেছে একরাশ প্রশান্তি, অগণিত হাসি আর অসংখ্য স্মৃতি। ব্যস্ততার ভিড়ে এমন ছোট্ট আয়োজনই মনে করিয়ে দেয়, কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো সৃষ্টি হয় প্রিয় মানুষদের সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু সহজ, আন্তরিক ও আনন্দময় মুহূর্ত থেকে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা








