গোপালগঞ্জে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস ও প্রতিবেশী অমৃত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস। এর মধ্যে, উজ্জ্বল বিশ্বাসকে এক লাখ টাকা ও কল্পনা বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উজ্জ্বল বিশ্বাস দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় অপর আসামি কল্পনা বিশ্বাস পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে উজ্জ্বল বিশ্বাস তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় একই বছরের ১০ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।