সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। দীর্ঘদিনের সম্পর্কের পর অত্যন্ত গোপনীয়তার মধ্যেই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও নিউইয়র্ক পোস্ট–এর প্রতিবেদনে জানানো হয়েছে, নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো উদযাপনের মধ্যেই তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। টেইলর সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।বিবৃতিতে বলা হয়, বিয়ের আনুষ্ঠানিকতায় বর-কনে দুজনই বিশেষ বিয়ের পোশাক পরেছিলেন। অনুষ্ঠান শেষে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের নামের আদ্যাক্ষর যুক্ত ‘জাস্ট টি অ্যান্ড টি, ম্যারিড’ লেখা একটি সাইনবোর্ড প্রদর্শন করা হয়। সেখানে টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘লাভ স্টোরি’ এর কথাও ব্যবহার করা হয়। জানা গেছে, বিয়ের মূল আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। টেইলরের ভাই অস্টিন সুইফট ‘ম্যান অব অনার’ এবং ট্রাভিস কেলসির ভাই জেসন কেলসি ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার। দুই দিনব্যাপী আয়োজনে প্রথম দিনের অনুষ্ঠান ছিল ঘরোয়া। সেখানে প্রায় ১০০ জন ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিনে অতিথির সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় এক হাজারে। নিউইয়র্কের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত এই বিশাল আয়োজনকে ঘিরে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা হয়। শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে ভিড় করেন অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। অনুষ্ঠান শেষে সেভেন্থ অ্যাভিনিউ–তে যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে নিউইয়র্ক পোস্ট–এর পেজ সিক্স–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আনুষ্ঠানিক উদযাপনের আগেই সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সেরে ফেলেছিলেন এই তারকা জুটি। যদিও ঠিক কবে বা কোথায় সেই বিয়ে হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি টেইলর সুইফটের ব্যক্তিগত বিমান দীর্ঘ সময় ন্যাশভিলে অবস্থান করায় সেখানেই গোপন আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি বাগদান সম্পন্ন করেন। তার আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় এই তারকা জুটিকে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।