রাজবাড়ীর গোয়ালন্দে ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামে একটি বিটুমিন তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ জুন) দিবাগত রাত ও সোমবার সকালে তাদের মৃত্যু হয়।নিহত শ্রমিকেরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪) এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুন্ডার ছেলে শাওন মুন্ডা (১৬)।গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৫ জুন সকালে কারখানাটিতে পুরোনো গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদনের সময় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কর্মরত সোহেল ও শাওন গুরুতর দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শাওনের শরীরের ৭০ শতাংশ এবং সোহেলের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।স্থানীয় সূত্রে জানা যায়, উজানচর ইউনিয়নে অবস্থিত এই কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিল। অভিযোগ রয়েছে, সাভারের জনৈক ব্যক্তি ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় প্রায় দুই বছর আগে কারখানাটি গড়ে ওঠে। টায়ার পুড়িয়ে তেল ও বিটুমিন উৎপাদনের ফলে এলাকাটি বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন থাকে। এতে ফসলের ক্ষতিসহ শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টজনিত নানা রোগ হচ্ছে। প্রভাবশালীদের ভয়ে স্থানীয়রা দীর্ঘদিন মুখ খুলতে সাহস পাননি।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দগ্ধ দুই শ্রমিক মারা গেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।