ফেনীর পরশুরামে ১৪ বছর বয়সি গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তার তিমুকে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস) ফেনী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গৃহকর্মী প্রিয়ার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও সুরতহাল প্রতিবেদন নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে। একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই কেবল মৃত্যুর আসল কারণ ও দায়ীদের চিহ্নিত করা সম্ভব। ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বা সামাজিক অবস্থান বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষিকা জাহেদা আক্তার তিমুকে দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জোর দাবি জানানো হয়।
বামাসের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার জুবায়ের আল মুজাহিদ। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ফেনীর সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, বামাসের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি সাংবাদিক জসিম মাহমুদ, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন দৈনিক বণিক বার্তার ফেনী প্রতিনিধি নূর উল্যাহ কায়সার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমেদ, সাংবাদিক এম দেওয়ানী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এমরান পাটোয়ারী, কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউছুপ মিন্টু, বাংলা এডিশনের প্রতিনিধি রহিম আলী জাবেদ, মো. শাহাদাত সাজু, দৈনিক ফেনীর সময়-এর মাল্টিমিডিয়া রিপোর্টার শহীদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
পানিতে চেতনানাশক মিশিয়ে গৃহকর্ত্রীকে হত্যা-চুরি, গ্রেফতার গৃহকর্মী
মানববন্ধনে এখন টেলিভিশনের ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম এবং এনএন জীবনসহ স্থানীয় সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই রাতে পরশুরাম উপজেলা পরিষদ গেট সংলগ্ন ‘কাদের টাওয়ার’ এর একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী বিগত তিন বছর ধরে ওই ফ্ল্যাটে শিক্ষিকা জাহেদা আক্তার তিমুর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। ঘটনার দিন সকালে বাসায় তাকে একা রেখে শিক্ষিকা স্কুলে যান এবং বিকেলে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে তা খুলে ঝুলন্ত দেহ দেখতে পান বলে দাবি করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট ও ‘K+P’ লেখা ধাতব বস্তু আলামত হিসেবে জব্দ করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে পুরো বিষয়টি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে বর্তমানে নানা সংশয় তৈরি হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসজেডএইচ/এএসএম








