গুরুদাসপুরে কুকুরের কামড়ে ছয় স্কুলছাত্র আহত হয়েছে। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলার সময় মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। শিশুদের স্বজনরা জানান, ওই বিদ্যালয় মাঠে শিশুরা ব্যাডমিন্টন খেলছিল। এ সময় অসাবধানতাবশত সোহেল রানা নামে এক শিশু সেখানে থাকা একটি কুকুরের গায়ের ওপর পড়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি তাকে কামড়ে আহত করে। এরপর তার অন্য পাঁচ সহপাঠীকে কামড়িয়ে আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে কুকুরটিকে পিটিয়ে মেরে পাশের নন্দকুঁজা নদীতে ফেলে দেন। কুকুরের কামড়ে আহত অন্য শিশুরা হলো-সাগর, মুহিত, মেহেদী, মুন্নাফ ও হাদী।








