একসময় হারিকেনের আলোয় পড়াশোনা করতেন, স্কুলে যেতে প্রতিদিন হাঁটতে হতো প্রায় পাঁচ কিলোমিটার পথ। সেই প্রতিকূলতাকে জয় করে ৪৭তম বিসিএসে প্রথমবার অংশ নিয়েই পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন নেত্রকোনার তানভীর রহমান। রোববার প্রকাশিত ফলাফলে তানভীরের এ সাফল্যে আনন্দের বন্যা বইছে নেত্রকোনা সদর উপজেলার রায়দুম বাগড়া গ্রামে। তিনি ওই গ্রামের মো. আব্দুর রহমান ও রিনা পারভীনের বড় ছেলে। বাবা নেত্রকোনার শামছুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা বলেন, ছোটবেলা থেকেই তানভীর অত্যন্ত মনোযোগী ছিল। গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে যেত। এলাকায় বিদ্যুৎ না থাকায় হারিকেন ও মোমবাতির আলোয় পড়াশোনা করেও কখনো স্বপ্ন দেখা থামায়নি। মা রিনা পারভীন জানান, ছোট্ট টিনশেড ঘরে সীমিত সামর্থ্যরে মধ্যেও ছেলে সময়ের মূল্য বুঝে কঠোর পরিশ্রম করেছে। ২০১৯ সালে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। ২০২৫ সালে স্নাতক শেষ করে বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।








