অনশনের ২১তম দিনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াঙচুক-কে শনিবার (১৮ জুলাই) ভোরে যন্তরমন্তর থেকে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। অভিযোগ, বলপ্রয়োগ করেই তাকে সরানো হয়েছে, যা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।গত প্রায় তিন সপ্তাহ ধরে নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে অনশন চালিয়ে আসছিলেন তিনি। দীর্ঘ অনশনের ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। সমর্থকদের মতে, এটি শুধুমাত্র একটি অনশন নয়- দেশের ছাত্রসমাজের ভবিষ্যৎ রক্ষার লড়াই।এই পরিস্থিতির মধ্যেই এই ইস্যুতে সামনে এসেছে ২০ জুলাই ঘোষিত ‘সংসদ লং মার্চ’ কর্মসূচি। ওয়াংচুক হাসপাতালে থাকলেও তাঁদের আন্দোলন থামছে না বলে স্পষ্ট জানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের দাবি, লক্ষাধিক-এমনকি দু’লক্ষেরও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে পারেন।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট (এনইইটি) কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত—এই দুই দাবিতেই অনড় রয়েছে আন্দোলনকারীরা। সিজেপির বক্তব্য, “এটি কোনো এক ব্যক্তির লড়াই নয়, দেশের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের প্রশ্নে জাতীয় আন্দোলন।”অন্যদিকে, প্রশাসনের তরফে দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালত আগেই অনশনরত অবস্থায় তার স্বাস্থ্যরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল। সেই প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।এদিকে, আন্দোলন ঘিরে রাজনৈতিক সমর্থনও বাড়ছে। কংগ্রেস নেতৃত্ব প্রকাশ্যে ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছে। সোনিয়া গান্ধি অতীতের অনশন আন্দোলনের প্রসঙ্গ টেনে এই প্রতিবাদের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রাহুল গান্ধি শিক্ষাব্যবস্থা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন। কংগ্রেস নেতা পওয়ান খেরা ইতিমধ্যেই যন্তরমন্তরে গিয়ে ওয়াংচুকের সঙ্গে দেখা করেছেন।সিজেপি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে সংসদ অধিবেশন শুরুর আগে এই বিশাল জমায়েত ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশাসন কড়া নজর রাখছে পরিস্থিতির উপর, এবং অনুমতি ও রুট নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট নয়।সব মিলিয়ে, সোনম ওয়াংচুক হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা আন্দোলনকে থামাতে পারেনি- বরং ২০ জুলাইয়ের ‘সংসদ লং মার্চ’কে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এখন নজর সেই কর্মসূচির দিকেই, যা এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।
রাজনীতি
হাসপাতালে ওয়াংচুক, তবু সংসদ লং মার্চে অটল সিজেপি

শেয়ার করুন







