চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি বিদেশি রিভলভার ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ চার যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
শনিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চার যুবক দীর্ঘদিন ধরে হাটহাজারী ও আশপাশের এলাকায় গার্মেন্টসকর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল। শনিবার রাতে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একটি বাড়ি থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
পরে উত্তেজিত জনতা চারজনকে মারধর করলে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার করা অস্ত্রগুলোও জব্দ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল বলেন, আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এএমএ








