লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আবদুল ওহাবের স্ত্রী শরীফা বেগম (২২), মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও গমির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি আমঝোল এলাকায়। তাঁরা তিনজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোনাব্বেরুল হক জানান, আহত ব্যক্তিদের মধ্যে শরিফা ও আফসারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় স্কুলশিক্ষক আবদুল মালেক রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রোববার বিকেল চারটার দিকে আমঝোল সীমান্তে আমার নাতনি শরিফা বেগম ছাগল খুঁজতে গিয়েছিল। সে জানায়, “ধানখেতের মধ্যে একটি বাঘ ছাগলটিকে খাচ্ছিল।” এরপর সে চিৎকার দেয়। এ সময় বাঘটি শরিফার ওপর হামলা করে। তাঁর চিৎকার শুনে আশপাশের কয়েকজন ছুটে আসে। তাঁদের আক্রমণের শিকার হয়।’
আবদুল মালেক জানান, গুরুতর আহত অবস্থায় শরিফা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বুলবুল আহমেদ বলেন, রাত আটটার দিকে দুজন রোগী এসেছেন। তুলনামূলকভাবে নারী রোগীর অবস্থা কিছুটা খারাপ। তাঁর মাথায় ও হাতে ক্ষত। পুরুষ রোগীর শরীরের পেছনের অংশে ইনজুরি আছে।
এক প্রশ্নের জবাবে চিকিৎসক বুলবুল আহমদ বলেন, ‘হ্যাঁ, আশঙ্কা তো অবশ্যই আছে, যেহেতু এনিমেল বাইট। তারপরও ট্রিটমেন্ট চলতেছে। আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সব ট্রিটমেন্ট দিচ্ছি।’
ওই ঘটনায় আজ সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক খুদে বার্তায় সংবাদকর্মীদের জানায়, ‘অদ্য ১৬০০ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্গত বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল নামের স্থানে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তিনজন সাধারণ মানুষকে আহত করে ফেলে। জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উক্ত ঘটনাস্থলে ১৫ বিজিবি অধিনায়ক এবং বিজিবি টহল সেখানে উপস্থিত আছে।’
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ফসলের খেতে বন্য প্রাণীর খোঁজ করছে। এ সময় অনেকে বাঘ, বাঘ বলে চিৎকার করছেন।
মুহ. রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা প্রশাসক এ বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। বন বিভাগের লোকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় সরঞ্জামসহ লোকজন নিয়ে ঘটনাস্হলে যেতে বলা হয়েছে।আমঝোল সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীতাই থানার বড়মরিচা সীমান্ত এলাকা। ওই সীমান্তে দুই দেশে কোনো বন বা জঙ্গল নেই। এলাকাটি সমতল ও কৃষিজমি। যদিও ওই ঘটনার পর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান মুঠোফোনে বলেন, ‘লালমনিরহাট ১৫ বিজিবির মাধ্যমে ঘটনাটি জেনেছি। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। বন বিভাগের লোকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় সরঞ্জামসহ লোকজন নিয়ে ঘটনাস্হলে যেতে বলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’








