লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল (৩০) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল জলিল ওই এলাকার আলগেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে প্রায় ১০ বছর ধরে আলগেস আলী এবং তাঁর ভাই আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ চলছে। জমি নিয়ে মামলাও আদালতে বিচারাধীন। আজ সেই বিবাদমান জমির দুই পাশে কাজ করছিল দুপক্ষ। একপাশে কাজ করছিলেন আলগেস আলীর ছেলে আব্দুল জলিল এবং অপর পাশে কাজ করছিলেন আব্দুর রাজ্জাক ও তাঁর ছেলে সাদ্দাম। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে চাচা আব্দুর রাজ্জাক লাঠি দিয়ে ভাতিজা জলিলকে বেধড়ক পেটান। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক আনারুল হক বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল জলিলের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে জানতে হাতীবান্ধা থানার ওসি রমজান আলীকে কয়েকবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি।

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান মোবাইল ফোনে বলেন, ঘটনা শুনেই মামলা নিতে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি।