সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি করার ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলা করা হয়।

ভোরে কার্যালয় থেকে বিকট শব্দ শুনে নিচে নেমে এসে গাড়ির পেছনের ডানপাশের দরজার কাচ ভাঙা দেখতে পান বলে মামলার এজাহারে জানান আসিফ আকবর। গতকাল শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজ রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আসিফ আকবর বাদী হয়ে এই মামলা করেছেন। পুলিশ জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।

মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি

মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে নিজের ব্যক্তিগত গাড়িটি পার্কিং করে ভবনটির তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন আসিফ আকবর। ভিডিওতে দেখা যায়, মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়ক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি বিশাল সেন্টারের গাড়ি পার্কিংয়ে যান। তিনি আসিফ আকবরের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি করেন। পরে অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে। গুলি করা ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাড়িতে গুলির ঘটনার পর আসিফের স্ত্রী বললেন, ‘কেউ একজন দৌড়ে পালিয়েছে’