সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বরাবরই তাঁর ফ্যাশন-সচেতনতার কারণে নজর কাড়েন। এবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফটোশুটে তাঁকে দেখা গেল হিপহপ স্ট্রিট স্টাইল লুকে। রইল লুকের বিস্তারিত।

কালো ও লাল রঙের সমন্বয়ে তৈরি স্পোর্টি জার্সিই মেহজাবীনের এই লুকের মূল আকর্ষণ। স্পোর্টসওয়্যারের এই ধরন হিপহপ স্ট্রিট স্টাইলের সঙ্গে বেশ মানানসই।

এই ক্রপ জার্সির সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন হালকা নীল রঙের ঢিলেঢালা ডেনিম জর্টস প্যান্ট।

প্যান্টে রিবড ডিজাইন আছে , যা পুরো সাজে এনেছে ক্যাজুয়াল ও কিছুটা রাফ ভাব। জার্সির স্পোর্টি আবহ আর ডেনিমের এই বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি হয়েছে সুন্দর একটি লুক।

পোশাকের সঙ্গে অনুষঙ্গেও  আধুনিকতার ছাপ। কাঁধে রুপালি রঙের একটি ব্যাগ নিয়েছেন।

কানে পার্ল  দুল, হাতে গাঢ় লাল নেলপালিশ—সব মিলিয়ে সাজে বাড়তি অনুষঙ্গের আধিক্য নেই। মেকআপে স্বাভাবিক সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন মেহজাবীন ।

পরিপাটি ভ্রু, চোখে হালকা শেড ও আইলাইনের ছোঁয়া, গালে  ব্লাশ এবং ঠোঁটে গোলাপি আভার লিপকালার  তাঁর মুখে এনেছে সতেজতা। লম্বা চুল খোলা রেখেছেন।

রাতের শহরের আলো আর আধুনিক স্থাপত্যের ব্যাকগ্রাউন্ডে  মেহজাবীনের এই লুক আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রচলিত গ্ল্যামারাস সাজের বদলে স্পোর্টি জার্সি, ডেনিম ও মিনিমাল অনুষঙ্গে  তিনি তুলে ধরেছেন স্ট্রিট ফ্যাশনের অন্য রকম আবেদন। সব মিলিয়ে, স্বাচ্ছন্দ্য আর স্টাইলের মেলবন্ধনে মেহজাবীনের এই সাজে রয়েছে হিপহপ ফ্যাশনের সাবলীল প্রকাশ।

ছবি: ইন্সটাগ্রাম