​চলমান ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মোহাম্মদ সালাহ’র মিশর। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে কিছুটা ছন্দহীন মনে হলেও ধীরে ধীরে জমে উঠেছে দুই দলের লড়াই।ম্যাচের ১৪তম মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। মারওয়ান আত্তিয়ার নেওয়া ক্রসে হেড দিয়ে বল জালে জড়িয়ে মিশরীয়দের উল্লাসে ভাসান ইব্রাহিম, যা জাতীয় দলের জার্সিতে তার দ্বিতীয় গোল।​ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। নবম মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো বলে এনজো ফার্নান্দেজ গোল করার সুযোগ পেয়েছিলেন, তবে রেফারি অফসাইডের বাঁশি বাজালে তা বাতিল হয়ে যায়। ম্যাচের ১৩তম মিনিটে রদ্রিগো দে পল বল ক্লিয়ার করতে গিয়ে ফাউল করলে রেফারি ফ্রি কিক দেন, যা নিয়ে মাঠেই রেফারির সঙ্গে তর্কে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এর ঠিক এক মিনিট পরেই মিশরের আক্রমণে ইব্রাহিমের সেই গোলটি আসে।​পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ১৯তম মিনিটে ডি বক্সের ভেতরে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু ২০তম মিনিটে স্পট কিক নিতে এসে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। তার নেওয়া শটটি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মিশরের গোলকিপার মোস্তফা শোবেয়র।উল্লেখ্য, গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

​কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার এই ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। রক্ষণভাগে ফাকুন্দো মেদিনার পরিবর্তে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের জায়গায় ফিরেছেন হুলিয়ান আলভারেজ।এছাড়া মাঝমাঠের সমন্বয়ের অভাব কাটাতে থিয়াগো আলমাদার বদলে লিয়ান্দ্রো পারেদেসকে একাদশে রেখেছেন কোচ, যিনি আজ ডিপ-লাইং মিডফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন দেখার বিষয়, পেনাল্টি মিসের এই ধাক্কা সামলে আর্জেন্টিনা ম্যাচে ফিরতে পারে কি না।