পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় রাজধানীজুড়ে পুলিশি টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, মহানগরের প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যদের গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় অনুষ্ঠান ও জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা নিরাপত্তা তল্লাশি পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। এ ছাড়া সিটিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন।

নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি সদস্য মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

ডিএমপি জানায়, স্বাভাবিক দায়িত্বের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র‌্যালিকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। সংশ্লিষ্ট থানার মোবাইল টিম র‌্যালির সামনে ও পেছনে নিরাপত্তায় থাকবে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে সরেজমিনে থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল এবং ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।