রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ইডেন মহিলা কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।

হেলেন জেরিন খান বলেন, “ইডেন মহিলা কলেজ দেশের নারী শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রতিষ্ঠানটির ঐতিহ্য, অবদান ও শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় নিয়ে এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

তিনি বলেন, “বিএনপি সরকার সব সময় নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে এসেছে। এর আগে, মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল। বর্তমান সরকার এ সুযোগ ডিগ্রি বা অনার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।”

সংসদ সদস্য জানান, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শিক্ষামন্ত্রীর সঙ্গে ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছিল এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে, রাজনৈতিক পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বিস্তারিত জানাতে পারবেন।

তিনি বলেন, “নারী শিক্ষা বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।”

প্রধানমন্ত্রী বলেন, “অতীতে বিএনপি সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিল। বর্তমান সরকার সেই সুযোগ ডিগ্রি বা অনার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। পাশাপাশি ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”