কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ তরুণের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুব আলম জানান, বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে সাগরের ঢেউ ও স্রোতের মধ্যে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও সৈকতকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন বলে জানান তিনি।
ট্যুরিস্ট পুলিশ ইনানী সাব জোনের পরিদর্শক গাজী আতাউর রহমান জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।








