শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের জাহাজ পুনর্ব্যবহার (শিপ রিসাইক্লিং) শিল্পের হারানো গৌরব পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখে না পড়েন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, আরব শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেড এবং এসএন করপোরেশন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সব প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স অর্জন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।
তিনি বলেন, শিল্পকারখানায় জ্বালানি সংকট নিরসনে সরকার একটি ক্র্যাশ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। দীর্ঘদিনের এ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়। তবে সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পরিবেশবান্ধব, নিরাপদ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিপ রিসাইক্লিং শিল্প গড়ে তুলতে সরকার ও শিল্প উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ শিল্প দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং ইস্পাত খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সংশ্লিষ্ট শিপ রিসাইক্লিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








