জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৮ ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি, নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।
ভুক্তভোগী সিভিল জজ আহমাদুল কবির সাকিল জামালপুর আদালতের মেলান্দহ সিভিল জজ আদালতে এবং তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত।
স্থানীয় সূত্র জানায়, গত সাত মাস ধরে একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন ওই বিচারক দম্পতি। মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন আহমাদুল কবির। এ সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
আহমাদুল কবির সাকিল বলেন, ‘রাত ৮টায় বাসায় ফিরে দরজার তালা খোলার চেষ্টা করি। কিন্তু তালা না খোলায় প্রথমে মনে হয়েছিল সেটি নষ্ট হয়েছে। পরে একজন মিস্ত্রি ডেকে আনলে জানতে পারি তালায় কোনো সমস্যা নেই। তখন সন্দেহ হয়, হয়তো দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে রেখেছে। পরে রাত ৯টায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি জানালার গ্রিল কাটা, ঘরের আসবাবপত্র তছনছ এবং আলমারি-ড্রয়ার খুলে জিনিসপত্র এলোমেলো করে রাখা হয়েছে। এরপর বুঝতে পারি, বাসায় চুরি হয়েছে।’
বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন বলেন, ‘ভবনে পাঁচটি ইউনিট রয়েছে। এই বাসায় আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা অচল।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হৃদয় আহম্মেদ/এফএ/এএসএম








