অপরিকল্পিত নগরায়ণ, জমির বাণিজ্যিকীকরণ ও করপোরেট মুনাফাকে প্রাধান্য দেওয়ায় ঢাকা ক্রমে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন নগর–পরিকল্পনাবিদ ও স্থাপত্য–বিশেষজ্ঞরা। তাঁদের মতে, জনস্বার্থ উপেক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার কারণে শহরের পরিবেশ, জলাধার ও নাগরিক সুযোগ-সুবিধা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘মহানগর ঢাকা: ইতিহাস ও রূপান্তর’ শীর্ষক ইতিহাস আড্ডার ৩৫তম পর্বে আলোচকেরা এসব কথা বলেন। দ্য ডেইলি স্টার আড্ডাটির আয়োজক।
অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক শায়ের গফুর বলেন, জমির লাগামহীন বাণিজ্যিকীকরণের কারণে ঢাকা বাসযোগ্যতা হারিয়েছে। কর্তৃপক্ষের নীরব সমর্থনে এ প্রক্রিয়া এগিয়েছে। জমির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বাসযোগ্যতা ফিরিয়ে আনার কথা বলা স্ববিরোধী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর–পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, গত তিন দশকে ঢাকা একটি বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। নগর–পরিকল্পনা, ভবন ও অবকাঠামো—সবকিছুতেই জনস্বার্থের চেয়ে করপোরেট মুনাফা প্রাধান্য পাচ্ছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উপপরিবহন পরিকল্পনাবিদ ধ্রুব আলম বলেন, ঢাকার পরিবহন উন্নয়ন দীর্ঘদিন ধরে পরিকল্পিত ব্যবস্থার বদলে বিচ্ছিন্ন ও সাময়িক পদক্ষেপের ওপর নির্ভর করেছে। জাতীয় নগর পরিবহন নীতিতে পথচারীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও পরিবহন পরিকল্পনার বাজেটের ১ শতাংশেরও কম ব্যয় হয় তাঁদের সুযোগ-সুবিধায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য ডেইলি স্টার–এর সাংবাদিক ইমরান মাহফুজ।








