চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে আশরাফুল ইসলাম তানভীর নামে ১০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকান এ ঘটনায় শিশুটির মা আহত হন।
নিহত তানভীর ওই এলাকার বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে। তাদের বাড়ি জাফরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে পড়ে। বুধবার সকালে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর এসে পড়ে। এসময় ঘরের ভেতরে থাকা ১০ মাস বয়সি তানভীর মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় শিশুটির মা আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি পাহাড়ধসের কারণও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, জঙ্গল সলিমপুরের পাহাড়ঘেঁষা ছিন্নমূল এলাকায় দীর্ঘদিন ধরে অসংখ্য পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। বর্ষা মৌসুম এলেই পাহাড়ধসের আশঙ্কা দেখা দেয়। ঝুঁকিপূর্ণ বসতি অপসারণ ও নিরাপদ স্থানে পুনর্বাসনের দাবি বহুবার জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাবে প্রায় প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটছে।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে এক শিশু মারা গেছে। ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এম মাঈন উদ্দিন/এফএ








