গীতিকার, উদ্যোক্তা ও প্রযোজক এনামুল কবির সুজনের জন্মদিন। নাটক, চলচ্চিত্র ও সংগীত- তিন ক্ষেত্রেই নিজের কাজের মাধ্যমে তিনি আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। আজ তার জন্মদিন।
প্রযোজক হিসেবে এনামুল কবির সুজনের একাধিক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তার প্রযোজিত চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় তিনি নতুন একটি চলচ্চিত্রের কাজও শুরু করেছেন। খুব শিগগিরই আসবে এর ঘোষণা।
প্রযোজনার পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন সুজন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সংগীতাঙ্গনের অনেক খ্যাতিমান শিল্পী। তাদের মধ্যে রয়েছেন রথীন্দ্রনাথ রায়, সাবিনা ইয়াসমীন, আসিফ আকবর, পার্থ বড়ুয়া, পান্থ কানাই, অনিমেশ রায়, কৃষ্ণকলি, কিশোর দাশ, মাহাদি, রাজিব, রেহান রসুল, আখি আলমগীর, কোনাল, সালমাসহ আরও অনেকে।
এছাড়া পশ্চিমবঙ্গের কবীর সুমন, নচিকেতা ও ইমন চক্রবর্তীর মতো শিল্পীরাও তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন।
এনামুল কবির সুজন ‘দোতারা’ নামের একটি অনলাইন সংগীত প্ল্যাটফর্মের কর্ণধার। বর্তমানে তিনি গীতিকবি সংঘ বাংলাদেশের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিটি-লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।
জন্মদিনে এনামুল কবির সুজনের জন্য শুভকামনা জানিয়েছেন তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
এলআইএ








