গ্রামবাংলার নারীদের জীবনে জরায়ুমুখ ক্যানসার এখন নীরব আতঙ্কে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১১ হাজার নারী এ মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছেন এবং তাদের মধ্যে প্রায় ৮ হাজার নারী প্রাণ হারাচ্ছেন। এর পেছনে প্রধান কারণ সচেতনতার ভয়াবহ অভাব। সামাজিক অন্ধবিশ্বাস ও সংকোচবোধ তাদের নিরাপদ চিকিৎসাসেবা থেকে দূরে ঠেলে দিচ্ছে, যা খুবই উদ্বেগজনক।

এ প্রাণঘাতী ব্যাধি প্রতিরোধের সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী হাতিয়ার হলো এইচপিভি টিকা। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, সঠিক সময়ে এ টিকা নেওয়া হলে ৯০ শতাংশেরও বেশি ক্ষেত্রে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।

তাই সরকারি-বেসরকারি উদ্যোগে প্রতিটি গ্রামের দোরগোড়ায় এ টিকা পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা এখন সময়ের দাবি। নারীর জীবন বাঁচানো মানেই একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়া। আসুন, সচেতনতার এ আলো সবার মাঝে ছড়িয়ে দিই।

আমানুর রহমান

শিক্ষার্থী, স্নাতক, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা