ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। তবে বাসে থাকা অন্যান্য যাত্রীরা দ্রুত বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রো-১১-০০৭৩ নম্বরের নাহিদ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে অতিক্রম করার সময় দুই বাসের মাঝখানে একটি মাহিন্দ্র যান চলে আসে। সেটিকে এড়াতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসটির সুপারভাইজার বাসের নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ সম্পন্ন করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
The post ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে, নিহত সুপারভাইজার appeared first on ZoomBangla.







