গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শন ও মোটরসাইকেল শোডাউনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. মানোয়ার হোসেন (২৮), একই এলাকার মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল ইসলাম সজিব (৩৫) এবং আমতলী কেরানীরটেক এলাকার মৃত বাবুল খার ছেলে রনি খা (৩৯)।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার আলেরটেক এলাকায় অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার ঝুট দখলকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত শতাধিক মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দেয়। এ সময় তাদের কয়েকজনকে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে শক্তির প্রদর্শন করতে দেখা যায়। ঘটনাকালে কারখানাটিতে বিদেশি কয়েকজন ক্রেতা (বায়ার) উপস্থিত ছিলেন, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তোলে।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মহড়ায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে। তদন্তের ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।