শেয়ারবাজারে তালিকাভুক্ত জিল বাংলা সুগার মিলসের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ার দর অস্বাভাবিক বেড়ে যাওয়ার কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে জিল বাংলার শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ছিল। এর পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছিল না। এ কারণে ৭ জুলাই সকালে দিনের অবশিষ্ট সময়ের জন্য শেয়ারটির লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শেয়ার দর পর্যালোচনা করে দেখা গেছে, গত ১৮ জুন জিল বাংলার শেয়ার দর ছিল ১২২ টাকা ১০ পয়সা, যা ২ জুলাই বেড়ে ১৬০ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে। সর্বশেষ কোম্পানির শেয়ার ১৮০ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫৮ টাকা ৬০ পয়সা। এমন অস্বাভাবিক দর বাড়ার কারণে স্টক এক্সচেঞ্জ শেয়ারটির লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয়।
বাড়ার কারণ জানতে নোটিশ দিয়েছে। নোটিশের জবাবে কোম্পানি জানায়, কোম্পানির শেয়ার দর বাড়ার কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
জিল বাংলা সুগার মিলস শেয়ারবাজারে ১৯৮৮ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা।








