জুলাই-গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অভিযোগে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের এক শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এদিকে, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগটি অধিকতর তদন্তে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে সিন্ডিকেট।
ড. জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি সম্পন্ন করেছেন। তবে, সংগীত বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক ছিল। এ কারণে তার নিয়োগের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।








