জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি তারা প্রধান তিনটি দাবি তুলে ধরেছে।

মঙ্গলবার (৩০ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দলের ঢাকার দুই মহানগরীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া, ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে।

১ আগস্ট সারা দেশে গণমিছিল (মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে) অনুষ্ঠিত হবে।

২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ দেশের জেলা, মহানগরী ও উপজেলায় সমাবেশ এবং মিছিল করবে জামায়াতে ইসলামী।

এছাড়া, নারী বিভাগ, ছাত্র সংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের উদ্যোগেও পৃথক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিগুলোর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ, আহতদের প্রতি সংহতি প্রকাশ এবং গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরা হবে।

এদিকে, কর্মসূচির সঙ্গে তিন দফা প্রধান দাবি তুলে ধরেছে দলটি।

দাবিগুলো হলো- জুলাইয়ের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত নিশ্চিত করা।  শহীদ ওসমান বিন হাদির খুনিদের বিচার করা। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং এ লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ অন্যরা।