জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রদর্শিত তথ্যচিত্রে ত্রুটির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের পর দ্রুততম সময়ে তথ্যচিত্রটি প্রকাশের আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। 

এতে জানানো হয়, গত ৫ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উপস্থাপনায় ত্রুটি থাকার অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তির সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আরও পড়ুন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান অত্যন্ত দুঃখজনক

তথ্যচিত্রটি নিয়ে উত্থাপিত অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরিমার্জন শেষে দ্রুততম সময়ে তা প্রকাশ করা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্ভুল, অন্তর্ভুক্তিমূলক ও তথ্যভিত্তিকভাবে সংরক্ষণে মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানায়, তথ্যচিত্র বা অন্য যে কোনো বিষয়ে অভিযোগ জানানোর অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। তবে সেটি পরিশীলিত ও নিয়মতান্ত্রিক উপায়ে হওয়া উচিত। এর পরিবর্তে রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিদের সামনে গোলযোগ সৃষ্টি করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বানচাল এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা ছিল কি না, সেটিও বিবেচনার দাবি রাখে। ভিন্ন উপায়ে প্রতিবাদ জানানোর সুযোগ থাকলেও তা না করে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যার ফলে অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা মানসিকভাবে কষ্ট পেয়েছেন। তাদের বক্তব্যেও সেই বিষয়টি উঠে এসেছে বলে জানায় মন্ত্রণালয়।

এ ঘটনায় প্রধানমন্ত্রীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, এ ধরনের অপতথ্য রাষ্ট্রের জন্য সম্মানহানিকর এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

আরও পড়ুন

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারওই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিভ্রান্তিকর ও সম্মানহানিকর অপতথ্য প্রচার থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের অপপ্রচার দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। 

একই সঙ্গে রাষ্ট্রবিরোধী ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে পুরো জাতিকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

আরএমএম/এমকেআর