রাজধানীর বনানীতে একটি জুয়েলারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসল হীরা ও স্বর্ণের অলংকার সরিয়ে সেখানে নকল (রেপ্লিকা) অলংকার রাখার অভিযোগে গ্রেপ্তার দুই নারীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র ও পুলিশ জানায়, রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন মুনমুন আচার্য ওরফে প্রিয়া (৩০) ও মোসাম্মৎ রিফা তামান্না (২৩)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসির আরাফাত আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশনের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
৮ জুলাই বনানী থানায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের অঙ্গপ্রতিষ্ঠান এনজে ডায়মন্ডসের পক্ষে মো. খায়েজ আহাম্মদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বলা হয়, প্রতিষ্ঠানের কর্মচারী মুনমুন আচার্য ও রিফা তামান্না অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ২০২৪ সালের ২৭ এপ্রিল থেকে ৮ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে আসল হীরা ও স্বর্ণের অলংকারের বদলে রেপ্লিকা রেখে মূল্যবান গয়না চুরি ও আত্মসাৎ করেছেন। এ ছাড়া সরাসরি কয়েকটি হীরার অলংকার চুরির অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
এজাহারে চুরি হওয়া অলংকারের বিবরণ দিয়ে বলা হয়েছে, খোয়া যাওয়া অলংকারের মধ্যে হীরা ও স্বর্ণের সমন্বয়ে তৈরি চারটি নেকলেস রয়েছে। এগুলোর ওজন যথাক্রমে ২৬ দশমিক ১১ গ্রাম, ৫০ দশমিক ৪১ গ্রাম, ১৯ দশমিক ৮৪ গ্রাম এবং ৩১ দশমিক ৪৩ গ্রাম।








